ছবি: আপন দেশ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’-এর আঞ্চলিক পর্ব। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে এবং তাদের প্রোগ্রামিং ও গণনাভিত্তিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় গোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এসময় জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর অ্যাসিস্ট্যান্ট ইন্টারনাল অফিসার নাওয়াজ পাশা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালী, সহযোগী অধ্যাপক আবু সালেহ, সহযোগী অধ্যাপক নেছারুল হক, জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির সহকারী পরিচালক নাজমুল হুদা, গোপালগঞ্জ জেলা আইসিটি অফিসার আবু সালেহ বিন সাহাদাতসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী অনিন্দ্য তীর্থ গোলদার বলেন, প্রতিযোগিতাটি অনেক ভালো ছিল। পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও অংশগ্রহণের মাধ্যমে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। পুরো আয়োজনটি ছিল সুন্দর ও সুশৃঙ্খল। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে আমরা আরও বেশি উপকৃত হব।
আরও পড়ুন<<>>উপাচার্য নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় উপস্থিত হতে পেরে ভালো লাগছে। এখানে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে দেখতে পাচ্ছি। এ ধরনের আয়োজন এ বিশ্ববিদ্যালয়ে আগেও হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে পারছে। আমাদের সময়ে এত সুযোগ-সুবিধা ছিল না। বর্তমানে প্রযুক্তির দ্রুত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে এসব দক্ষতা অর্জন জরুরি। এখান থেকেই ভবিষ্যতে বড় বড় বিজ্ঞানী ও এআই বিশেষজ্ঞ তৈরি হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট ইন্টারনাল অফিসার নাওয়াজ পাশা বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এখানকার বিজয়ীরা পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে। সকাল থেকে ধৈর্য ধরে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল-কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেকোনো প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। যারা বিজয়ী হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। অংশগ্রহণ করাটাই বড় বিষয়। আর যারা বিজয়ী হয়েছো, তাদের অভিনন্দন।
বিশেষ অতিথি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালী বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করি—মোবাইল ব্যাংকিং, কেনাকাটা, যোগাযোগসহ নানা ক্ষেত্রে। এই ভার্চুয়াল জগতকেই সাইবার স্পেস বলা হয়। তবে সাইবার স্পেসে নিরাপত্তা ঝুঁকিও অনেক বেশি। বিভিন্ন সময় ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে ব্ল্যাকমেইলের ঘটনা ঘটে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার প্রয়োজনে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রোগ্রামিং জুনিয়র ক্যাটাগরিতে ৩ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৬ জন, হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ৬ জন এবং কুইজের জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ী নির্বাচিত হন।
পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আঞ্চলিক পর্বের বিজয়ীরা পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































