Apan Desh | আপন দেশ

সোলার প্যানেল-ইনভার্টার আমদানিতে শুল্ক রেয়াত বহাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ১৭ আগস্ট ২০২৬

সোলার প্যানেল-ইনভার্টার আমদানিতে শুল্ক রেয়াত বহাল

ছবি: আপন দেশ

সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক-কর রেয়াত সুবিধা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এ জটিলতা দূর করতে ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিশেষ করে সোলার ফটোভোলটাইক মডিউল বা প্যানেল ও সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে কোন শুল্ক-কর সুবিধা প্রযোজ্য হবে, তা স্পষ্ট করা হয়েছে।

সোমব‌ার (১৭ আগস্ট) এ বিষয়ে এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি অনুবিভাগে এক পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহসংক্রান্ত গত ৮ জুন প্রজ্ঞাপন এসআরও-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস এবং সংশ্লিষ্ট পুরোনো প্রজ্ঞাপনে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উপকরণের জন্য রেয়াতি সুবিধা দেয়া হয়েছে। এর মধ্যে সোলার ফটোভোলটাইক, মডিউল, প্যানেলের এইচএস কোড ৮৫৪১.৪৩.০০ অন্তর্ভুক্ত রয়েছে।

এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো আমদানিকারক একই বিল অব এন্ট্রিতে সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত একাধিক পণ্য ঘোষণা করলে সংশ্লিষ্ট পণ্যের জন্য প্রযোজ্য প্রজ্ঞাপনের শর্ত পূরণ সাপেক্ষে রেয়াতি শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস নিতে পারবেন।

ইনভার্টারের এইচএস কোড নিয়ে জটিলতা দূর

সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে এনবিআর। পরিপত্রে বলা হয়েছে, প্রজ্ঞাপনের টেবিল-১-এ সোলার ইনভার্টারের এইচএস কোড উল্লেখের ক্ষেত্রে অসঙ্গতি থাকলেও এইচএস কোডের চেয়ে পণ্যের বর্ণনা প্রাধান্য পাবে। ফলে পণ্যের বিবরণ সোলার ইনভার্টারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সংশ্লিষ্ট রেয়াতি শুল্ক-কর সুবিধা প্রযোজ্য হবে।

এতে সোলার ইনভার্টার আমদানিকারকদের দীর্ঘদিনের শুল্কায়ন জটিলতা অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনবিআরের এ ব্যাখ্যার বিষয়টি সোমবার প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নিজস্ব সোলার প্ল্যান্টে ১ শতাংশ কাস্টমস ডিউটি

পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের জন্য সোলার প্ল্যান্ট স্থাপন করতে চাইলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় পণ্য ও মূলধনী যন্ত্রপাতি মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি) দিয়ে খালাস করতে পারবে।

তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) পরিশোধ করতে হবে। পরিপত্র অনুযায়ী, পরবর্তী সময়ে প্রযোজ্য বিধি অনুসারে এসব কর সমন্বয়ের সুযোগ থাকবে।

আরও পড়ুন <<>> ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন শুরু

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ইতিবাচক বার্তা

সরকার ২০২৬-২৭ অর্থবছরে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আমদানি পর্যায়ে বিভিন্ন উপকরণে শুল্ক-কর সুবিধা দিয়েছে। ৮ জুন জারি করা এসআরও-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমসে সোলার ইনভার্টার, ব্যাটারি-সংক্রান্ত পণ্য এবং সোলার ফটোভোলটাইক মডিউল/প্যানেলসহ বিভিন্ন উপকরণ রেয়াতি সুবিধার আওতায় আনা হয়।

এনবিআরের নতুন পরিপত্রে বলা হয়েছে, কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ব্যাখ্যা জারি করা হয়েছে। এর ফলে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতের আমদানিকারক ও শিল্পপ্রতিষ্ঠানগুলো পণ্য খালাসের ক্ষেত্রে আরও স্পষ্ট নির্দেশনা পাবে।

সংশ্লিষ্টদের মতে, শুল্ক-কর সুবিধার পাশাপাশি আমদানি প্রক্রিয়ার এ ধরনের জটিলতা দূর হলে সৌরবিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি আমদানিতে সময় ও ব্যয় কমবে। এতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আরও উৎসাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement