ছবি: আপন দেশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশের উৎপাদিত ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক ও পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
কোয়াসি অবিরি-ডানসো জানান, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার। এ বাণিজ্য বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (আফসিএফটিএ) কার্যালয় ঘানায় অবস্থিত। ফলে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো গেলে পুরো আফ্রিকা মহাদেশের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
আরও পড়ুন <<>> দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন সভা এবং ব্যবসায়িক অংশীদার খুঁজতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সেলর সাকরাতা লামিনি ইদ্রিসু ও মুনিরু কাদিরিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































