ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে প্রায় চার মাস, অর্থাৎ ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি পার হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টায় যানটি হরমুজ অতিক্রম করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে শিপিং করপোরেশনের (বিএসসি) এমডি কমডোর মাহমুদুল মালেক।
জাহাজটি বর্তমানে জ্বালানি বা বাংকারিং নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে বাংলার জয়যাত্রা হরমুজ পাড়ি দিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমোদন পায়। অনুমতি পাওয়ার পর বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) সকালে বাংলার জয়যাত্রা শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে ৮০ নটিক্যাল মাইল দূরের হরমুজ প্রণালির চ্যানেলের দিকে রওনা হয়।
বিএসসি’র তথ্য অনুযায়ী, গত ০২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েলবোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।
আরও পড়ুন<<>>ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
কিন্তু ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ইরানি কর্তৃপক্ষ।
তবে কয়েক দফা ওই অঞ্চল ছাড়ার চেষ্টা করে বাংলার জয়যাত্রা। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিবারই সে প্রচেষ্টা পিছিয়ে যায়। সবশেষ গত ০৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশে রওনা হলেও ১০ এপ্রিল হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে।
নিরুপায় হয়ে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। সবশেষ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমঝোতা চুক্তি হওয়ার পর বাংলাদেশ সরকারের দীর্ঘ ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টায় জাহাজটি হরমুজ পাড়ি দিলো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































