ছবি: আপন দেশ
ইরানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জারি করা ৬০ দিনের এ ছাড় সুইজারল্যান্ডে সপ্তাহান্তে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।
আরও পড়ুন<<>>যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
তিনি আরও বলেন, এ কাঠামোর অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যা ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দেয়।
নতুন এ ছাড়ের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়া তেল রফতানির সুযোগ পুনরুদ্ধার হওয়ায় এটি ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে।
ট্রাম্প প্রশাসনের আলোচকরা হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় খুলে দেয়া এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট কমানোর লক্ষ্যে ইরানকে রাজি করাতে এ ছাড়ে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































