Apan Desh | আপন দেশ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ২০ নভেম্বর ২০২৬

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

ছবি: আপন দেশ

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরী প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও কয়েকটি জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন <> জন্মদিনে তারেক রহমান: নির্বাসন পেরিয়ে স্বপ্নের সিংহাসনে

নিরাপত্তার বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সড়কপথে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলা গুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এসময় ইউরেনিয়ামবাহী গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়