Apan Desh | আপন দেশ

টানা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২০ নভেম্বর ২০২৬

টানা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: আপন দেশ

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও টানা পতনের মুখে আছে স্বর্ণের বাজার। সবশেষ বৃহস্পতিবারও দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। 

সব মিলিয়ে টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমে গেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।

এর ফলে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এ দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনা এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। 

তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে, গত ১৮ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। 

আরও পড়ুন <> ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

সব মিলিয়ে দেশে টানা সাত দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে স্বর্ণের দাম।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়