Apan Desh | আপন দেশ

ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১৪ অক্টোবর ২০২৬

ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন। 

ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সেনাবাহিনী অংশ নেয়ার তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় কারখানাটির ইউনিট-২-এর চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার বিভিন্ন অংশে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

অগ্নিনির্বাপণে সহায়তা করতে বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। বিজিবির সদস্যরাও সহায়তায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন<<>>ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ১৬ ইউনিট

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওষুধ তৈরির কাঁচামালের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুই শ্রমিক আহত হন। তাদের মধ্যে সাদেক হোসেন (৩৮) নামের একজনকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুনের তীব্রতা, কারখানায় ওষুধ তৈরির কাঁচামালের উপস্থিতি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ রোডে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়