ছবি: আপন দেশ
আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগের সঙ্গে করা কথিত গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পেরেই বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে। এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর, জেলা ও অঙ্গসংগঠনগুলোর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা ও আস্থা কমেছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।
গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপির আহবায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন করে চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সে ষড়যন্ত্রে দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও সহযোগিতা করছে। তাই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরও পড়ুন<<>>টামেক হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে লগি-বৈঠা হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে যারা গণমাধ্যম, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের পরিচয়ে জনমত তৈরির চেষ্টা করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মোবাশ্বের আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































