Apan Desh | আপন দেশ

আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

শরীয়তপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৬, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০২, ২৯ নভেম্বর ২০২৬

আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

ছবি: আপন দেশ

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। 

তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার। 

এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন <> ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন। 

এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

একই সময়ে পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করে তারা। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়