ছবি: আপন দেশ
সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদ জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রাখার খবর পায় বাহিনীটি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকাসহ জিম্মি থাকা জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
আরও পড়ুন<<>>টামেক হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত মধ্যরাতে খুলনার দাকোপ থানাধীন মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) কে আটক করা হয়। আটক আসাবুর সানার দেয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আসাবুর সানাকে ২০২৪ সালের ১২ নভেম্বরও কোস্ট গার্ড আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে জড়িয়ে পড়েন। আটক আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা। আটক ডাকাত, জব্দ নৌকা এবং উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































