ছবি: আপন দেশ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও একজন নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ইব্রাহিম সিপাহী নামে একজন প্রাণ হারান।
গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নিজামউদ্দিন মৃধা (৪০) নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের দাবি, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে লকডাউনের সমর্থনে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে শরীয়তপুর সদরের যুবলীগ কর্মী ইব্রাহিম নিহত হন। নিজামউদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের মিছিল থেকে নাওডোবা এলাকার পদ্মাভ্যালি রেস্টুরেন্ট, বিএনপির একটি অস্থায়ী প্যান্ডেল ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, লকডাউনের সমর্থনে বের করা মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর মোড়ল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিজামউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আমরা আমাদের একজন ভাইকে হারালাম। শিবচর উপজেলা হারাল একজন স্বার্থহীন বীরযোদ্ধাকে।
আরও পড়ুন <<>> আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। সেখানে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেয়ার পথে মারা গেছেন বলে পুলিশ খবর পেয়েছে। ঘটনাস্থল জাজিরা থানার অধীন হওয়ায় ওই থানা থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরও জানালেন, ঘটনার পর পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনসাধারণ ও যানবাহনের নিরাপত্তায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে জাজিরায় সংঘর্ষে দুজনের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি দাবি করেন, স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষ বাধে বলে তিনি জেনেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































