ছবি: আপন দেশ
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশের প্রথম অঞ্চল হিসেবে পঞ্চগড় মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এমএ. মজিদ ও পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার নুরুল ইসলাম হেলালসহ পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>সুন্দরবনে ডাকাত বাহিনীর প্রধান আসাবুর আটক, জিম্মি জেলে উদ্ধার
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড় অঞ্চলটি ৬/ক সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এ অঞ্চলে মোট ৭টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ ও গেরিলা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের পুরো সময়জুড়ে মুক্তিযোদ্ধারা তেঁতুলিয়া, ভজনপুর, মাগুরমারী, ময়নাগুড়ি ও দেবনগরে ক্যাম্প স্থাপন করে অবস্থান নেন। পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসংখ্য গোপন আস্তানা বা হাইড আউট থেকে পরিচালিত হয় প্রতিরোধ যুদ্ধ।
মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা একে একে হানাদারমুক্ত হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় মুক্তি ও মিত্রবাহিনী যৌথ অভিযান চালিয়ে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া এবং ২৭ নভেম্বর তালমা মুক্ত করে। পরদিন ২৮ নভেম্বর পঞ্চগড় সিও অফিসসহ আটোয়ারী ও মির্জাপুর এলাকা মুক্তিযোদ্ধাদের দখলে আসে।
সবশেষে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীর চারদিক থেকে চালানো প্রচণ্ড সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে পিছু হটে পাকবাহিনী। অবশেষে ২৯ নভেম্বর চূড়ান্তভাবে হানাদারমুক্ত হয় পঞ্চগড়। দিনটি পঞ্চগড়বাসীর কাছে গৌরব, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক দিন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































