ছবি : সংগৃহীত
টানা দাপুটে পারফরম্যান্সে উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে এবার থামিয়ে দিল আলাভেস। প্রতিপক্ষের মাঠে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এর সঙ্গে যোগ হয়েছে জুড বেলিংহামের লালকার্ড। সব মিলিয়ে হতাশার এক ম্যাচ পার করল রিয়াল মাদ্রিদ।
শনিবার লা লিগার ম্যাচে ২-১ গোলের অঘটনের এ হারে চলতি মৌসুমে ঘরের মাঠে প্রথমবার পরাজয়ের স্বাদ পেল হোসে মরিনহোর দল, যা গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি হারের পর সব মিলিয়েও তাদের প্রথম হার।
এই ধাক্কায় ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেমে গেছে রিয়াল, এক পয়েন্ট এগিয়ে দুইয়ে উঠেছে আতলেতিকো মাদ্রিদ, আর আজ দেপোর্তিভো লা করুনিয়ার মুখোমুখি হতে যাওয়া শীর্ষে থাকা বার্সেলোনা এগিয়ে আছে তিন পয়েন্টে।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণের ভুলে ২২তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আলাভেস ফরোয়ার্ড টনি মার্তিনেজের চাপে রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেন পা পিছলে বল হারালে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন মার্তিনেজ। ইব্রাহিমা কোনাতে স্লাইড করে বল ক্লিয়ার করার আগেই তা গোললাইন পেরিয়ে যায় (ফিরতি বলে সাবেক রিয়াল স্ট্রাইকার মারিয়ানো দিয়াজও জালে বল পাঠিয়েছিলেন, তবে গোলটি মার্তিনেজের নামেই লেখা হয়)।
পিছিয়ে পড়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শেষ পাঁচ ম্যাচে চার গোল করা বেলিংহাম, কিন্তু আর্দা গুলেরের ক্রসে তাঁর প্রচেষ্টা ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়। বিরতির পর ৬১তম মিনিটে বার্নাব্যুকে স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করে কিকো সানচেজ ফ্লোরেসের দল। মারিয়ানোর নিখুঁত চিপ পাস ধরে আবারও কোর্তোয়াকে কাটিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন আলাভেস উইঙ্গার আনহেল পেরেজ।
আরও পড়ুন <> ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয়
দুই গোলে পিছিয়ে পড়ার পর বাঁ দিক দিয়ে ইয়ান দিওমান্দে ও বেলিংহামের গড়া আক্রমণ থেকে বক্সের ভেতর বাঁ পায়ের জোরালো শটে একটি গোল শোধ করে রিয়ালকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর বদলি স্ট্রাইকার কার্লোস এস্পির হেড পোস্টে লেগে ফিরলে সমতাসূচক গোলের অপেক্ষা বাড়ে স্বাগতিকদের।
ম্যাচের চরম নাটকীয়তা জমে ওঠে শেষ দিকে। ৮৬তম মিনিটে বক্সের ভেতর নিকো ভালেন্তিনির বাধায় বেলিংহাম পড়ে গেলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি সিজার সোতো গ্রাদো। তবে ভিএআরের পরামর্শে সাইডলাইন মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি; কোনো স্পর্শ না থাকায় পেনাল্টি বাতিল করে ‘সিমুলেশন’ বা ডাইভ দেওয়ার অপরাধে ৮৮তম মিনিটে বেলিংহামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
লা লিগায় এটি বেলিংহামের তৃতীয় লালকার্ড, এর আগে ২০২৩-২৪ মৌসুমে ভ্যালেন্সিয়া ও ২০২৪-২৫ মৌসুমে ওসাসুনার বিপক্ষে লালকার্ড দেখেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।
শেষ মুহূর্তে এসপির আরেকটি ফ্লিক দূরের পোস্ট ঘেঁষে বাইরে গেলে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওঠা আলাভেসের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে বেলিংহামের লালকার্ড ও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ লুকাননি রিয়াল কোচ। সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘জুড বলছে ওটা পেনাল্টি ছিল। ম্যাচের পর সে আমাকে এটাই বলেছে। আর একজন খেলোয়াড় যখন বলে ওটা পেনাল্টি, আমাকে তা বিশ্বাস করতেই হয়।
আইপ্যাডে দেখে আমার মনে হয়েছিল পেনাল্টিটা হয়তো একটু অতিরঞ্জিত হতে পারে, কিন্তু জুড আমাকে যা বলেছে সেটার ওপরও আমার আস্থা আছে।’
একই রেফারির অতীত সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে মরিনহো আরও যোগ করেন, ‘দুই মৌসুম আগে এই রেফারি এমবাপ্পেকে লালকার্ড দেখিয়েছিলেন। গত মৌসুমে ভিনিসিয়ুসকে বের করে দিয়েছেন। এবার জুড বেলিংহাম। দেখা যাক আগামী মৌসুমে কোর্তোয়ার পালা আসে কি না।
আমার মনে হয় এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন। তবে আমি বলছি না যে আমরা রেফারির কারণে হেরেছি… অবশ্যই আমি ক্ষুব্ধ ছিলাম, রেফারির কাজ আমার ভালো লাগেনি, কিন্তু আমরা রেফারির কারণে হারিনি।’
হতাশার এই রাতে ম্যাচের ফল ছাড়াও আলোচনায় ছিল মাঠের ভেতরের অস্বস্তি; সমতা ফেরানোর চেষ্টার সময় ভিনিসিয়ুসকে লক্ষ্য করে দুয়ো দেন গ্যালারির একাংশ, আর এক ঘণ্টা পর কার্লোস এস্পির জায়গায় তুলে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আর্দা গুলের।
তবে এসব নিয়ে আলাদা গল্প না বানানোর অনুরোধ জানিয়ে মরিনহো বলেন, ‘রিয়াল মাদ্রিদ হারলে সেটাই সবচেয়ে বড় খবর। অন্তত বুধবার পর্যন্ত আপনারা এটা নিয়ে কথা বলতে পারবেন। রিয়াল মাদ্রিদ হেরেছে। কোচ ভুল করেছে।
আর্দা মাঠ ছাড়ার সময় রাগ করেছে, ভিনিসিয়ুস দুয়ো শুনেছে কিংবা আমি দুয়ো শুনেছি, এসব নিয়ে আপনাদের নতুন গল্প বানানোর দরকার নেই। আলাদা করে গল্প খুঁজতে হবে না, আমরা হেরেছি।’
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































