ছবি: আপন দেশ
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, নিয়মিত ক্লাস না হওয়া ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে সড়ক অবরোধের উদ্যোগ নিলেও পরে জনভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যালয়ের ভেতরেই অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে রোববার (০৪ অক্টোবর) একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় প্রশাসনের আশ্বাসে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। বুধবার ফের বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে। নিয়মিত ক্লাস না হওয়া, নিম্নমানের টিফিন, অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, ব্যবহার অনুপযোগী টয়লেট এবং ডিজিটাল ল্যাব ব্যবহারে বাধাসহ নানা সমস্যার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। খেলাধুলার জন্য বরাদ্দ অর্থও শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন<<>>নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আন্দোলনের একপর্যায়ে জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আপাতত ছুটিতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আর্থিক অনিয়ম এবং শিক্ষার পরিবেশ সংক্রান্ত অভিযোগ তদন্তে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত জানান। একই সঙ্গে বিষয়টি শিক্ষা অধিদফতরকে জানানোর কথা বলেন তিনি।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে জেলা প্রশাসকের গাড়ি ঘিরে ধরেন। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
এ বিষয়ে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































