Apan Desh | আপন দেশ

চাঁদাবাজি মামলায় যুব অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৩, ৭ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি মামলায় যুব অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা কারাগারে

ফাইল ছবি

পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ। এমন অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর বহিষ্কার হন লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন। 

বহিষ্কারের কয়েক ঘণ্টা পার হতেই তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়। মামলা করেন সদ্য বিলুপ্ত জেলা গণঅধিকার পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। 

ওই মামলায় ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে দুপুরে ফারুককে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা গণঅধিকার পরিষদ থেকে তাকে সতর্ক করা হয়। কিন্তু তথ্য প্রমাণ না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এজাহারে আরো বলা হয়, তার একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে শোনা যায়, তিনি ইয়াকুব হাসান সাকিব নামে এক যুবকের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন যে, এটা ভিপি নুরের নির্দেশ। পরে ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে ফারুককে বহিষ্কারের জন্য নির্দেশ  দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেয়ার অনুরোধ করেন। 

ফারুকের বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তার বক্তব্যের কারণে মানুষের মনে বিরুপ ধারণা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

আরও পড়ুন<<>>সেলিম খান-ছেলে শান্তর মরদেহ উত্তোলন

ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের অডিও রেকর্ডিংটিতে ফারুককে বলতে শোনা যায়, তোমার পাসপোর্টটা জমা দিমু, তারপর ওয়ার্কফারমিট ভিসার জন্য পাঠাবো, যে দেশে বলবা সে দেশেই পাঠাবো, পাঠাইলে এ ভিসার জন্য তোমাকে টাকা এটা দিতে হবে। বাকি টাকাটা এক দুই মাস পরে দিলেও অসুবিধা নেই। কিন্তু এখন আজকে এটা লাগবে। 

অফিস খরচ, কাগজপত্রগুলো এন্ট্রি করা, ম্যান পাওয়ার, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, এগুলো সব শো করে অনলাইন করে ওয়ার্ক পারমিট ভিসা আনার জন্য। সম্ভব হবে না বাবা, এজন্য পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না বাবা, বাকিগুলো এক মাস দেড় মাস পরে লাগবে। সেটা আমি বলবো, কিন্তু আজকে এটা লাগবে, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ, কথাটা বুঝছ।

এদিকে অডিও ভাইরালের পর যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুককে বহিষ্কার করা হয়। 

এতে উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকেও বলা হয়েছে।

গ্রেফতার হওয়ার আগে ফারুক হোসাইন সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে ভয়েস কাটছাট ও সম্পাদনা করে এ অডিও তৈরি করেছে। আমার এলাকার সাকিব নামের এক ছোট ভাই পাসপোর্ট করে দেয়ার কথা বললে আমি পাঁচ হাজার টাকার কথা বলি। সে পাঁচ হাজার টাকাকেই এআই দিয়ে পাঁচ লাখ বানানো হয়েছে বলে তার দাবী। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়