ছবি: আপন দেশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে মিঠু বিড়ি কারখানা পরিচালনা করা হচ্ছে। কারখানার মালিক শাহিন মিয়া। আবাসিক এলাকার মধ্যে বিড়ি উৎপাদন করায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে ধোঁয়া বা দৃশ্যমান বর্জ্য বের হওয়ার বিষয়টি প্রধান সমস্যা নয়। বরং বিড়ি তৈরির কাঁচামাল ও প্রক্রিয়াজাতকরণের তীব্র গন্ধ আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে এ গন্ধে অনেকেই অস্বস্তিতে থাকছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা বেশি সমস্যায় পড়ছেন বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, তীব্র গন্ধের কারণে তাদের মাথাব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যা হচ্ছে। তবে এসব সমস্যার সঙ্গে কারখানার সরাসরি চিকিৎসাবৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাস্থ্য ও পরিবেশগত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।
আরও পড়ুন<<>>রাতের আধারে সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
আবাসিক এলাকায় কারখানাটি পরিচালনার জন্য কী ধরনের অনুমোদন রয়েছে। পরিবেশ অধিদফতরের প্রয়োজনীয় ছাড়পত্র আছে কি না। একই সঙ্গে কারখানাটির অবস্থান, উৎপাদন কার্যক্রম এবং স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্থানীয়রা জানান, তারা কারখানা বন্ধের দাবি করছেন। তবে সেটি কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত অবস্থানের ওপর নির্ভর করবে। তবে আবাসিক এলাকায় মানুষের স্বাভাবিক বসবাসের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদফতর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে আকুয়া এলাকার কারখানাটি পরিদর্শন করে এর অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র যাচাই করা হোক। পাশাপাশি বিড়ি উৎপাদনের গন্ধে স্থানীয়দের যে ভোগান্তির অভিযোগ উঠেছে, তার বাস্তবতা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।
তবে কারখানার মালিক শাহিন মিয়া বলেন,শুধু আমার কারখানা নয়, এরকম আরেও অনেক কারখানা আবাসিক এলাকায় ঘরে ওঠেছে। আমি পরিবেশ অনুযায়ী কারখানা চালাচ্ছি।
টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন,এটি কোন ভাবেই ছাড়পত্র পাওয়ার যোগ্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আবাসিক এলাকায় কোন ভাবেই এ ধরনের কারখানা করতে পারবেনা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































