ছবি: আপন দেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটকরা হলেন- টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সুলতানের ছেলে মো. ইয়াসিন (৩৫), টেকনাফ বাহারছড়া হাজমপাড়া মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), লাল মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩) এবং কুমিল্লা মৌলভীবাড়ি পাশা কোট এলাকার সাহাদাত হোসেন (সাকিব)।
সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা থেকে একটি কাভার্ডভ্যানযোগে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীসংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
আরও পড়ুন <<>> পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
অপরদিকে আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ওই এলাকায় রাডার নজরদারি ও বিশেষ টহল বৃদ্ধি করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মিয়ানমার থেকে সন্দেহজনক একটি ফিশিং বোট শাহপরীর দ্বীপে আটক করে। গোলারচরসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশকালে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে বোটটি আটক করতে সক্ষম হয়। এসময় আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ডভ্যান এবং আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































