Apan Desh | আপন দেশ

পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৩, ২৭ মার্চ ২০২৬

পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

ছবি: আপন দেশ

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডিজেল এসে পৌঁছায়।

মো. জীবন জানান, নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনে ডিজেল পার্বতীপুরে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। পরে শুক্রবার সকাল ৮টার দিকে এ ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়।

কৃষিনির্ভর উত্তরের ৮ জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলচালিত যানবাহনের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি করে বাংলাদেশ। এ চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে।

আরও পড়ুন <<>> যাত্রীবাহী বাসে আগুন

চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার কথা রয়েছে। সে হিসেবে ইতোমধ্যে ধাপে ধাপে ডিজেল আসছে। গত ১১ মার্চ ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে, সর্বশেষ শুক্রবার আরও ৫ হাজার মেট্রিক টন পৌঁছেছে। আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।

এছাড়া, আগামী চার মাসের মধ্যে একই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement