ছবি : আপন দেশ
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিবেশি ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠে। ফলে বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি করে ভারত। তবে গেল ১২ ফেব্রুয়ারি সরকার পরিবর্তনের পর নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারপর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। দ্রুতই সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছেন সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
তিনি বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে এবং ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় সহকারী হাই কমিশনার দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
অনিরুদ্ধ দাস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদী ও উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার। বাংলাদেশ ও ভারতের চিন্তা চেতনা এক। দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকে ধারণ করে আসছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।
তিনি বলেন, আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সাংবাদিকরা পারে এ সর্ম্পককে আরও জোরদার ও দৃঢ় করতে।
আরও পড়ুন<<>>দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তরপূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও কানকেটিভিটি নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সেসঙ্গে ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রজেক্টের মাধ্যমে সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহবান জানান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ফলপ্রসু করার প্রতি মতামত দেন।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজের নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামান মনির।
এছাড়া ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ বক্তব্য রাখেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































