ছবি: আপন দেশ
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় আয়রন (ইস্ত্রি) মেশিন থেকে টিনশেড ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শামছুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়ারা বেগম (৬০) এবং তাদের ছেলে জনি বিশ্বাস (২৫)। পরিবারের সদস্য মাসুদ বিশ্বাস জানান, দুপুরে ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন আগুন লেগেছে। দরজার সামনে আগুন থাকায় ভেতরে থাকা তিনজন বের হতে পারছিলেন না। তিনি ঝুঁকি নিয়ে ঘরে ঢুকে একে একে তাদের বের করে আনেন। উদ্ধার করতে গিয়ে তিনিও সামান্য আহত হন।
প্রথমে তাদের স্থানীয় সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন <<>> দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা
দগ্ধ জনি বিশ্বাস জানান, তিনি ঘরের ভেতর ইস্ত্রি মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। মেশিনটি টুপিন প্লাগে সংযুক্ত করার পরই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন জামাকাপড় ও বিছানায় ছড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে বাবা-মা ছুটে এলে তারাও আগুনে আটকা পড়েন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, তিনজনেরই হাত, মুখ, বুক, পিঠ ও পা ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ড্রেসিং চলছে এবং দগ্ধের মাত্রা নির্ধারণের প্রক্রিয়া চলছে। স্বজনদের ভাষ্য, জনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ দুর্ঘটনায় পুরো পরিবার এখন চরম উদ্বেগে রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































