Apan Desh | আপন দেশ

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে?

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এ সময়সূচি কার্যকর থাকবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকেই এ নতুন সূচি কার্যকর হয়েছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজান মাসের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ নতুন নিয়ম বলবৎ থাকবে। তবে শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

রমজান মাসে ট্রেন বা স্টেশনে থাকাকালীন যাত্রীদের ইফতারের সুবিধার্থে পানির বোতল বহন করার বিশেষ অনুমতি দেয়া হয়েছে। যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার ওজনের পানির বোতল বহন করতে পারবেন। তবে নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে যে, পানি যেন কোনোভাবেই ট্রেনের ভেতরে বা প্ল্যাটফর্মে না পড়ে। 

আরও পড়ুন<<>>রমজানে বাজার নিয়ন্ত্রণে ইশরাক হোসেনের যুদ্ধ ঘোষণা

এছাড়া ব্যবহৃত বোতলটি অবশ্যই প্ল্যাটফর্ম বা স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। তবে পানির বোতল ছাড়া অন্য কোনো খাবার প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে যাত্রা করবে। যাত্রীদের সুবিধার্থে সকাল ৮টা ১১ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত প্রতি সাড়ে ৫ থেকে ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। অন্যান্য সময়ে ৮ থেকে ২০ মিনিটের ব্যবধানে ট্রেন চলাচল করবে।

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে দিনের প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এ রুটে সকাল ৮টা ৪৯ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট এবং দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত পিক-আওয়ারে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতের শেষ ভাগে রাত ৯টা ৪১ মিনিটের পর ট্রেনের ব্যবধান হবে ১৫ মিনিট।

মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে, নতুন এ সময়সূচি এবং ইফতারের বিশেষ সুবিধা যাত্রীদের রমজান মাসে যাতায়াতকে আরও আরামদায়ক ও সহজতর করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়