Apan Desh | আপন দেশ

যে চার দেশের রোজা শুরুর তারিখ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

যে চার দেশের রোজা শুরুর তারিখ জানা গেল

ফাইল ছবি।

পবিত্র রমজান ঘনিয়ে আসছে। আগামী সপ্তাহে শুরু হবে রোজা। কয়েকটি দেশ এরই মধ্যে চলতি বছরের রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা নির্ধারণ করে এ সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।

ইসলামি হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রভিত্তিক। সাধারণত নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই মাসের শুরু নির্ধারিত হয়। কোথাও খালি চোখে চাঁদ দেখার ওপর জোর দেয়া হয়, আবার কোথাও বৈজ্ঞানিক হিসাবকে অগ্রাধিকার দেয়া হয়।

 

এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ জানিয়েছে-

ওমান

ওমান ঘোষণা করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন ও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো গভর্নরেট বা অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

তুরস্ক

তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে বলে তারা জানিয়েছে।

সিঙ্গাপুর 

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা অসম্ভব হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানিয়েছেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে।

কাউন্সিল জানিয়েছে, বৈজ্ঞানিকভাবে যখন চাঁদ দেখা অসম্ভব বলে নিশ্চিত হয়, তখন তার বিপরীত কোনো দাবি গ্রহণযোগ্য নয়। সে অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা সম্ভব নয় বলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু নির্ধারণ করা হয়েছে।

কেন রমজানের তারিখ ভিন্ন হয়?

বিশ্বজুড়ে রমজান শুরুর তারিখ এক না হওয়ার প্রধান কারণ হলো চাঁদ দেখার পদ্ধতিতে ভিন্নতা। সাধারণত চার ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়:

এক. স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখা (রু’ইয়াহ)

সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সরাসরি চাঁদ দেখার ভিত্তিতে মাসের শুরু নির্ধারণ করা হয়। দেখা নিশ্চিত হলে ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

দুই. জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব

চাঁদের অবস্থান, উচ্চতা ও দৃশ্যমানতার বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে আগেই নির্ধারণ করা হয় কখন চাঁদ দেখা সম্ভব।

তিন. অন্য দেশের অনুসরণ

কিছু দেশে মুসলমানরা নিকটবর্তী মুসলিম প্রধান দেশ বা মক্কার ঘোষণার অনুসরণ করে মাসের শুরু নির্ধারণ করে। যেমন অ্যান্টার্কটিকায় স্থায়ী মুসলিম জনসংখ্যা না থাকায় সেখানে অবস্থানরত মুসলমানরা এই পদ্ধতি অনুসরণ করেন।

চার. সমন্বিত পদ্ধতি

এখানে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব দিয়ে সম্ভাব্যতা যাচাই করা হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসে আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে। রমজানের চাঁদ দেখা নিয়ে প্রতি বছরই বিভিন্ন দেশে আলাদা ঘোষণা আসে। ফলে এক দেশে রোজা শুরু হলেও অন্য দেশে একদিন পর শুরু হওয়া অস্বাভাবিক নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়