ফাইল ছবি।
বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার না কি বৃহস্পতিবার রোজা শুরু হবে—তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি আজ বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যায়, তবে আজ রাতেই শুরু হবে তারাবিহ নামাজ। শেষ রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ জানিয়েছেন, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর। বুধবার সন্ধ্যায় কমিটির সভার পর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
সরকারি সংস্থা ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে ঢাকা জেলার সেহরি ও ইফতারের একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। সে ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পহেলা রমজান হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তবে সেখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেয়া হয়েছে—পহেলা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরুর ঘোষণা
মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দেশ এরই মধ্যে রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে: ইন্দোনেশিয়া: আকাশে চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তুরস্ক: ইউরোপের এ দেশটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার হবে প্রথম রোজা।
সিঙ্গাপুর: দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল নিশ্চিত করেছে, ১৯ ফেব্রুয়ারি হবে রমজান মাসের প্রথম দিন।
ব্রুনেই: মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার শাবান মাসের শেষ দিন। বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে বলে দেশটি জানিয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখার সর্বশেষ খবর
সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের জনগণকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আহবান জানিয়েছিল। মক্কার সময় অনুযায়ী আজ বিকেলের দিকে সৌদি আরবে রোজা শুরুর চূড়ান্ত ঘোষণা আসতে পারে। দেশটির সুদাইর অবজারভেটরি আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদ পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে।
সূর্যগ্রহণ ও চাঁদ দেখা নিয়ে বিশেষজ্ঞদের মত
অনেক মনে করেছিলেন সূর্যগ্রহণের ফলে চাঁদ দেখা বাধাগ্রস্ত হতে পারে। তবে চাঁদ দেখা কমিটির কর্মকর্তা আবদুল্লাহ আল খুদাইরি নিশ্চিত করেছেন, সূর্যগ্রহণ রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ফলে আবহাওয়া পরিষ্কার থাকলে চাঁদ দেখা যাবে কি না, তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































