Apan Desh | আপন দেশ

এবারের রমজানে বিশ্বের কোথায় কত ঘণ্টা রোজা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এবারের রমজানে বিশ্বের কোথায় কত ঘণ্টা রোজা

ছবি: সংগৃহীত

রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের তারতম্য ঘটে। পৃথিবীর কোনো দেশে ১২ ঘন্টা আবার কোথাও ১৫ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্যের পার্থক্যের ফলে কোথাও রোজা ছোট, কোথাও দীর্ঘ হবে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। এ সময় রোজাদার মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সাধারণত অবস্থানভেদে প্রতিদিন ১২-১৫ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়।

প্রায় ১৪০০ বছরেরও বেশি আগে এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়। রোজার সময় দিনের আলো থাকাকালে খাওয়া, পান করা, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকতে হয়। এর উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা।

রমজান প্রতিবছর ১০-১২ দিন এগিয়ে আসে। কারণ ইসলামি হিজরি বর্ষপঞ্জি চান্দ্র হিসাবভিত্তিক এবং এখানে মাস হয় ২৯ বা ৩০ দিনের। সৌর বছরের তুলনায় চান্দ্র বছর ১১ দিন ছোট হওয়ায় এ পরিবর্তন ঘটে।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে। সেখানে এ বছর রোজার সময় তুলনামূলক কিছুটা কম হবে। ২০৩১ সাল পর্যন্ত ধীরে ধীরে আরও কমতে থাকবে। কারণ ২০৩১ সালে রমজান পড়বে বছরের সবচেয়ে ছোট দিন। অর্থাৎ তখন রমজান মাস বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি চলে আসবে।

অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে বসবাসকারীদের জন্য এ বছর রোজার সময় গত বছরের তুলনায় কিছুটা বেশি হবে। চন্দ্র বছর সৌর বছরের তুলনায় ১১ দিন ছোট হওয়ায় ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান পড়বে। প্রথমটি ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর শুরু হবে।

বিশ্বজুড়ে রোজার সময়

উত্তর গোলার্ধে এখন শীতকাল। ফলে এ অঞ্চলে রোজা তুলনামূলক ছোট। প্রথম দিনে প্রায় ১২-১৩ ঘণ্টা রোজা হবে। মাসের শেষ দিকে সময় কিছুটা বাড়বে। দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজা তুলনামূলক দীর্ঘ। চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে প্রথম দিনে রোজা হবে প্রায় ১৪-১৫ ঘণ্টা। মাস যত এগোবে, সময় কিছুটা কমবে।

প্রতিটি শহরে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আলাদা। তাই সেহরি ও ইফতারের সময়ও ভিন্ন হয়। নির্দিষ্ট সময় জানতে স্থানীয় সময়সূচি অনুসরণ করা জরুরি।

আরও পড়ুন <<>> রোজাদারকে ইফতার করালে যে সওয়াব

ঢাকায় প্রথম রোজায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট। ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। মোট রোজার সময় ১২ ঘণ্টা ৪৩ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট। ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।

ইসলামাবাদে প্রথম দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট। ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। রোজার সময় ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সেহরি ভোর ৪টা ৫০ মিনিটে শেষ হবে। ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। মোট সময় ১৩ ঘণ্টা ২৯ মিনিট।

নয়াদিল্লিতে প্রথম দিনে সেহরি ভোর ৫টা ৩৭ মিনিটে শেষ হবে। ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। রোজা ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সেহরি ভোর ৫টা ৭ মিনিটে শেষ। ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৬ মিনিট।

রিয়াদে প্রথম দিনে সেহরি ভোর ৫টা ৬ মিনিটে শেষ। ইফতার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। মোট সময় ১২ ঘণ্টা ৪৪ মিনিট। শেষ দিনে সেহরি ভোর ৪টা ৪০ মিনিটে শেষ হবে। ইফতার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। রোজা ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

দুবাইয়ে প্রথম দিনে সেহরি ভোর ৫টা ৩২ মিনিটে শেষ। ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। রোজা ১২ ঘণ্টা ৪৩ মিনিট। শেষ দিনে সেহরি ভোর ৫টা ৬ মিনিটে শেষ হবে। ইফতার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: