Apan Desh | আপন দেশ

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় অবস্থানরত অবশিষ্ট প্রায় এক হাজার মার্কিন সেনাকে ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে সেনাদের প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন এ সিদ্ধান্তে পৌঁছেছে যে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিষিদ্ধ গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার মূল মার্কিন মিশন কার্যকরভাবে শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই সিরিয়া, জর্ডান এবং ইরাকের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ আউটপোস্ট আল-তানফ গ্যারিসন এবং উত্তর-পূর্ব সিরিয়ার আল-শাদ্দাদি ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার চূড়ান্ত করেছে।

আরও পড়ুন<<>>রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

প্রতিবেদনে আরও বলা হয়, এ প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বর্তমান মার্কিন নৌ ও বিমান মোতায়েনের সঙ্গে সম্পর্কিত নয়। তবে ইরান সতর্ক করে দিয়েছে যে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এ অঞ্চলে তাদের বাহিনীকে লক্ষ্যবস্তু করবে।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, সিরিয়ার সরকার সন্ত্রাসবাদ দমনের প্রচেষ্টা গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে এবং মার্কিন বাহিনী এখনও আইএসআইএসের যেকোনো হুমকির জবাব দিতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, কিছু মার্কিন এবং বিদেশি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আমেরিকান উপস্থিতি হ্রাস পেলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং আইএসআইএস পুনরায় সংগঠিত হতে পারে। অনেকে মনে করছেন, অবশিষ্ট এসব সেনারা মূলত একটি উল্লেখযোগ্য সন্ত্রাসবাদ দমন বাহিনীর পরিবর্তে একটি রাজনৈতিক সংকেত হিসেবে কাজ করবে সিরিয়ায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়