ছবি: আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় বাবার মরদেহ দাফনে সন্তানরা বাধা দিয়েছেন। জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজা অনুষ্ঠানের জন্য এলাকায় মাইকিং করা হয়। তবে বৃদ্ধের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে জানাজা ও দাফনে বাধা পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজিজার রহমানের প্রথম স্ত্রী জয়গুন প্রায় ৩০ বছর আগে মারা যান। তাদের ঘরে এক ছেলে আব্দুল হাকিম (৫৫) এবং তিন মেয়ে জোসনা, ময়না ও কাছুয়া। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন রহিমা বেগমের সঙ্গে। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে টাইগার (৩৩) ও এক মেয়ে আকলিমা (৩০) জন্ম নেন।
দ্বিতীয় স্ত্রীর সন্তানদের দাবি, জীবদ্দশায় আজিজার রহমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে জানাজায় অংশ নিতে গেলে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন করতে হবে। অন্যথায় জানাজা ও দাফন করা যাবে না।
আরও পড়ুন <<>> http://ইস্ত্রি মেশিন থেকে আগুন, দগ্ধ ছেলেসহ মা-বাবা
বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষের সন্তানরা সম্পত্তি সমানভাবে ভাগাভাগির সিদ্ধান্তে সম্মত হন। পরে বুধবার তারাবির নামাজ শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় হাপিজুর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। পারিবারিক বিরোধ থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা সবার আগে প্রয়োজন। দাফন সম্পন্ন হওয়ার পর আইনি বা সামাজিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা উচিত ছিল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা হিল জামান জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি এবং তার জানা নেই।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































