Apan Desh | আপন দেশ

রোজাদারকে ইফতার করালে যে সওয়াব

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রোজাদারকে ইফতার করালে যে সওয়াব

ইফতার সামগ্রী: ফাইল ছবি

পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মাদ (সা.)-এর উম্মতের জন্য এক অনন্য উপহার। এ বরকতময় সময়ে, মুমিনগণ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং দান-সদকা করেন। এ মাসে করা প্রতিটি সৎ কাজ অন্যান্য দিনের তুলনায় ৭০ গুণ বেশি প্রতিদান লাভ করে। কুরআন ও হাদিসে এ পবিত্র সময়ে সৎ কাজের বিশাল গুরুত্ব সম্পর্কে জোর দেয়া হয়েছে।
 
রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। 

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পবিত্র রমজনের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। (বায়হাকি)

তাই রমজানে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত। ফরজ রোজা ও নামাজের পাশপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত, বেশি বেশি দান-সদকা করা উচিত।

রোজাদারকে ইফতার করানোর ফজিলত
রমজানের একটি বিশেষ আমল রোজাদারদের ইফতার করানো। ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। বহু হাদিসে রোজাদারদের ইফতার করানোর ফজিলত বর্ণিত হয়েছে। জায়েদ ইবনে খালেদ আল-জুহানী (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সাওয়াব লাভ করে এবং এ কারণে রোজাদারের সাওয়াব থেকে একটুও কমানো হয় না। (সুনানে তিরমিজি: ৮০৭)

আরও পড়ুন<<>.রমজানের আগে প্রস্তুতি-করণীয়

এ হাদিসে বর্ণিত ফজিলত দরিদ্র রোজাদারদের ইফতার করানোর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সম্পদশালী রোজাদারদের ইফতার করানোর ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের ইফতার করালেও এ সওয়াব লাভ হবে। আর কেউ যদি কোনো অভাবী রোজাদার ব্যক্তিকে খাওয়ায়, তাহলে সে ইফতার করানোর পাশাপাশি অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো ও সাহায্য করার সওয়াবও লাভ করবে।

অভাগ্রস্ত মানুষকে খাবার খাওয়ানোর সওয়াব ও পুরস্কার বর্ণনা করে কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَ یُطۡعِمُوۡنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسۡكِیۡنًا وَّ یَتِیۡمًا وَّ اَسِیۡرًا اِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ اللّٰهِ لَا نُرِیۡدُ مِنۡكُمۡ جَزَآءً وَّ لَا شُكُوۡرًا اِنَّا نَخَافُ مِنۡ رَّبِّنَا یَوۡمًا عَبُوۡسًا قَمۡطَرِیۡرًا فَوَقٰهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الۡیَوۡمِ وَ لَقّٰهُمۡ نَضۡرَۃً وَّ سُرُوۡرًا وَ جَزٰىهُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّۃً وَّ حَرِیۡرًا

অর্থ: তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দীকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাবার খাওয়াই। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন শোকরও না। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভীতিপ্রদ ভয়ানক দিবসের ভয় করি। সুতরাং সে দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন সজীবতা ও আনন্দ। আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমী বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। (সুরা দাহর: ৮-১২)

রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে প্রিয় নবী মুহাম্মাদ (সা.)-এর বরকতময় বাণী স্মরণ করি: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং রোজাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব কমানো হবে না।

সাহাবারা (রা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের সবার পক্ষে কি রোজাদারকে ইফতার করানো সম্ভব?

নবী (সা.) উত্তর দিলেন, যদি কেউ একজন রোজাদারকে দুধ মিশ্রিত পানি, একটি খেজুর বা এক ঢোক পানি দিয়েও ইফতার করায়, তবে সে একই সওয়াব পাবে। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পরিপূর্ণ খাবার খাওয়াবে, আল্লাহ তাকে আমার হাউজে কাউসার থেকে পান করাবেন, যার পর সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কখনো তৃষ্ণার্ত হবে না। (তিরমিজি, মুসনাদ আহমদ)

রোজাদারকে ইফতার করানোর ফজিলত অপরিসীম! গুনাহ মাফ, জান্নাতের প্রতিশ্রুতি, রোজাদারের সমান সওয়াব লাভ এবং জান্নাতের হাউজে কাউসার থেকে পান করার সুযোগ—এসবই ইফতার করানোর বিশেষ পুরস্কার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: