Apan Desh | আপন দেশ

সংসদে ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক ১৮৭ জন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সংসদে ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক ১৮৭ জন

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি। কোটিপতি বিজয়ী প্রার্থীর এই হার মোট প্রার্থীর ৯১.২৫ শতাংশ। আর ৫ কোটি টাকার অধিক সম্পদের মালিক ১৮৭ জন (৬২.৯৬%)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০১ জনই (৯৬.১৭%) কোটি টাকার অধিক সম্পদের মালিক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জনের মধ্যে এ সংখ্যা ৫২ জন (৭৬.৪৭%)।

সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক মাত্র ২ জন (০.৬৭%)। সম্পদের ঘর পূরণ না করা ৩ জনসহ এ সংখ্যা ৫ জন (১.৬৮%)।

সুজনের বিশ্লেষণে দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতার তুলনায় নবনির্বাচিতদের মধ্যে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে কোটিপতির হার ছিল ৫৫.৬৩%। পক্ষান্তরে স্বল্প সম্পদের মালিকদের (২৫ লক্ষ টাকার কম) নির্বাচিত হওয়ার হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে স্বল্প সম্পদের মালিকদের হার ছিল ১৮.৭১% (৩৭৯ জন)। সম্পদের ঘর পূরণ না করা ৫৮ জনসহ এ হার ছিল ২১.৫৭% (৪৩৭জন)।

এতে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে এ হার ছিল ৮৯.৯৭%; বর্তমানে যা ৯১.২৫%। পক্ষান্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে স্বল্প সম্পদের মালিক ছিলেন ৩.০১%; বর্তমানে যা ০.৬৭%।

বিশ্লেষণে বলা যায়, স্বল্প সম্পদের অধিকারীদের নির্বাচনে অংশগ্রহণ কমছে। অপরদিকে অধিক সম্পদের মালিকদের অংশগ্রহণ বাড়ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়