ছবি: আপন দেশ
নির্বাচনের আগে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে জনসভা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ একাধিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বক্তব্যের শুরুতেই বরিশাল-ভোলা সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা ও অবকাঠামো উন্নত করতে হবে। ভোলায় মেডিকেল কলেজের কাজও শুরু করা জরুরি।
তিনি জানান, দক্ষিণাঞ্চলের বড় সমস্যা নদীভাঙন। এতে বহু মানুষের বসতভিটা ভেঙে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদ ও মাদ্রাসাও। এ বিস্তীর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা বলেন তিনি। নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেন।
তারেক রহমান বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলে পল্লি বিদ্যুৎ সংযোগ চালু করেছিলেন। বিদ্যুৎ, অবকাঠামোসহ বরিশাল বিভাগ ও দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেয়া অনেক উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন। তবে কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে বলে স্বীকার করেন।
তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনে এলাকায় নানা সংকট জমে উঠেছে। অনেক সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নষ্ট হয়েছে। ছোট হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট রয়েছে। স্কুলে শিক্ষকের অভাবও দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
আরও পড়ুন <<>> কালীগঞ্জে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ
কৃষিখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যেখানে প্রয়োজন সেখানে হিমাগার স্থাপন করা হবে। এতে কৃষকরা পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্য পাবেন। কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সার ও বীজ সময়মতো কৃষকের হাতে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি যদি বিএনপি সরকার গঠন করে, তবে সমগ্র বাংলাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের কৃষিঋণ মওকুফ করা হবে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে তরুণদের কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
তারেক রহমান বলেন, দলের পরিকল্পনার মূল লক্ষ্য নারী ও তরুণ সমাজকে স্বাবলম্বী করা। জনগণের জীবনমানের পরিবর্তন ঘটাতে পারলেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































