Apan Desh | আপন দেশ

১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে: জামায়াত আমীর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে: জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান।

আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচন এক ঐতিহাসিক মুহূর্ত। এ নির্বাচন সাড়ে ১৪ হাজার শহীদের রক্ত ও ৩৪ হাজার আহতের ত্যাগের ওপর দাঁড়িয়ে। এটি শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন। তাই সবাইকে এ নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে দুটি ভোট হবে। প্রথমটি ‘হ্যাঁ’ এর পক্ষে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশ জিতবে। এটি হবে আজাদির পক্ষে ভোট। যারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, তারা প্রমাণ করবেন যে তারা চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে নেই। তারা চব্বিশের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশের সঙ্গে আছেন।

তিনি বলেন, দ্বিতীয় ভোটটি হবে দেশ গড়ার জন্য। যারা অতীতে ভালো মানুষ হিসেবে প্রমাণিত হয়েছেন, তাদেরই সরকার চালানোর সুযোগ দেয়া উচিত। যারা বারবার সুযোগ পেয়েও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, তাদের আর নতুন করে দেখার কিছু নেই।

ডা. শফিকুর রহমান জানান, নতুন বাংলাদেশ গড়তে ১১টি দল একত্রিত হয়েছে। অতীতে ৫৪ বছরে অনেক দল অনেক প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। যার ফলে সমাজে বৈষম্য ও অপরাধ বেড়েছে। এর বিরুদ্ধেই যুব সমাজ ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে মাঠে নেমেছিল। তারা শিক্ষা, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের দাবি তুলেছিল।

জনসভা শেষে আমীরে জামায়াত টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। এর মধ্যে ৭টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে শরিক দল এনসিপির প্রার্থীর হাতে ‘শাপলাকলি’ প্রতীক তুলে দেয়া হয়।

প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)পার্লামেন্টারিয়ান সিটে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সিটে জেলা জামায়াতের সেক্রেটারী মো. হুমায়ুন কবীর, টাঙ্গাইল-৪ (কালিহাতী) সিটে জামায়াতে ইসলামীর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (সদর) সিটে জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সিটে জামায়াতে ইসলামীর একেএম আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সিটে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ সিটে জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম খানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সিটে এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লা হায়দারের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন। 

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে ওই নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী ও শরিক দলের নেতা ও প্রার্থীরা বক্তব্য রাখেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়