ছবি: আপন দেশ
বিগত তিনটি কারচুপির নির্বাচনে পতিত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে (জাপা) গত ১৬ মাস বিএনপি আশ্রয় দিয়েছে। এ অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন দলটির নেতারা।
এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহবায়ক তারিকুল বলেন, গত ১৬ মাস ধরে বিএনপি জাপাকে শেল্টার (আশ্রয়) দিয়েছে। প্রায় আড়াইশো প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য লজ্জাজনক এবং এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির।
জাপার নির্বাচনে অংশ নেয়া জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগকে বিগত তিনটি কারচুপির নির্বাচনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে জাপা। তাদের সমর্থনের কারণেই বাংলাদেশে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি জাপাকে নিষিদ্ধের দাবি জানালে বিএনপির তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।
আরও পড়ুন>>>৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা জামায়াতের
এর আগে প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ইসি বর্তমানে একটি নির্দিষ্ট দলের পদলেহন করছে। প্রশাসন-পুলিশও একইভাবে ওই দলটির দলীয় কর্মী হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ১২ ফেব্রুয়ারি আমরা যে উৎসবমুখর নির্বাচনের আশা করছি, সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, তা নিয়ে শঙ্কা থাকবে।
লক্ষ্মীপুরে সিল জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, বিষয়টি পুলিশ ও প্রশাসনের তদন্ত করা উচিত। সিল বানিয়ে বা জালিয়াতির মাধ্যমে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবণতা থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় বাধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































