মামুনুল হক।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি যোগ দেবেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা প্রতীকের সমর্থনে এ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ উপলক্ষে ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান হেদায়াতুল্লাহ হাদী।
তিনি আশা প্রকাশ করেন, কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক রাজনীতি, ইসলামী মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য কাজ করছে। এ সমাবেশ সে বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, সদর উপজেলার দায়িত্বশীল মাওলানা আশরাফ আলী, হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী, ছাত্র মজলিস জেলা শাখার সহসভাপতি মো. মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক রাজনীতির একটি মডেল হিসেবে গড়ে তুলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, বৃহস্পতিবারের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































