Apan Desh | আপন দেশ

বাবার লাশ দেখে কারাগারে ভেঙে পড়লেন ছেলে, প্যারোলে মেলেনি মুক্তি 

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বাবার লাশ দেখে কারাগারে ভেঙে পড়লেন ছেলে, প্যারোলে মেলেনি মুক্তি 

ছবি: আপন দেশ

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় এক হাজতির বাবার মরদেহ আনা হয়েছে কারাগারের গেটে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা মিলন মিয়া (৪৫) কারাবন্দি। তার বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাবার শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মিলনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কিন্তু সে আবেদন নামঞ্জুর করে মরদেহ কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ফলে বাধ্য হয়ে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে স্বজনরা কারাগারে পৌঁছান।

কারাগারের গেটে বাবার মরদেহ দেখে মিলন মিয়া বারবার লুটিয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন। তার চাচা মতিউর রহমান বলেন, অনেক চেষ্টা করেও প্যারোলে মুক্তি করাতে পারিনি। শেষ পর্যন্ত বাবার মরদেহই কারাগারে আনতে হলো।

আসামিপক্ষের আইনজীবী আবদুল মোমেন ভূইয়া তুহিন জানান, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। একটি মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কারাগারের গেটেই মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে। স্বজনদের উপস্থিতিতে মিলন তার বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়