ছবি: আপন দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে, জিকিউ বলপেন ১২ দশমিক ৫০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ এবং ডরিন পাওয়ার জেনারেশন সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ নভেম্বর।
জিকিউ বলপেনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয় অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ নভেম্বর।
আরও পড়ুন<<>>নাভানা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
অন্যদিকে ডরিন পাওয়ার জেনারেশন সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৭ টাকা ১২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































