Apan Desh | আপন দেশ

প্রত্যাশা পুরণে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪২, ৩ অক্টোবর ২০২৬

প্রত্যাশা পুরণে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত

আগের আসরগুলোতে পদক জিতলেও এবার এশিয়ান গেমসে ভরাডুবি ঘটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ হয় বাংলাদেশ। দেশবাসীর প্রত্যাশা পুরণে ব্যর্থতায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার (০৩ অক্টোবর) নিশিনে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে হারের পর সালাহউদ্দীন বলেন, সত্যি বলতে, আমরা ভীষণ লজ্জিত। কোচ হিসেবে মনে হচ্ছে, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারিনি। এটা খুবই হতাশাজনক। আমি পুরো জাতির কাছে ক্ষমা চাই।

তিনি আরও বলেন, তারা ব্যর্থ হয়েছে, এ জন্য আমরা অবশ্যই লজ্জিত। কীভাবে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো। তবে সত্যি বলতে, দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি।

পদক জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমসে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত শূন্য হাতে ফেরায় হতাশা প্রকাশ করেছেন কোচ। তার ভাষায়, এখানে সবাই জিততে এসেছিল। আমাদের একটা লক্ষ্য ছিল, কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি। আমরা ভালো খেলিনি। আশা করি, ভবিষ্যতে তারা আরও ভালো খেলবে।

২০১০ সালে জেতা সোনার পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পূর্ণশক্তির দল পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে এবং ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয় টাইগাররা।

আরও পড়ুন<<>>ম্যাচ হারের কারণ ব্যাখ্যা দিলেন লিটন দাস

সর্বশেষ হারটি ছিল আরও বিব্রতকর। কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

এ ফল বাংলাদেশের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং অধিনায়ক লিটন দাসের নেতৃত্ব নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সেমিফাইনালেও তিন বলে মাত্র দুই রান করে আউট হয়েছিলেন লিটন। ব্রোঞ্জের ম্যাচে ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।

তবে খেলোয়াড়দের চেষ্টা বা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে ওঠা প্রশ্ন মানতে নারাজ সালাহউদ্দিন। তিনি বলেন, না, না, এটা ঠিক নয়। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দেওর চেষ্টা করছে। তবে আমার মনে হয়, আমরা আমাদের খেলার পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি।

বোলিং নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন কোচ। তার কথায়, আমাদের সেরা বোলাররা যে জায়গায় বল করার কথা ছিল, সেখানে করতে পারেনি। তবে স্পিনাররা খুব ভালো বল করেছে।

ব্যাটিং বিপর্যয়কে বড় সমস্যা হিসেবে দেখছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ব্যাটিংয়েও আমার মনে হয়, আমরা খুব বেশি তাড়াহুড়ো করেছি। পাওয়ার প্লের মধ্যেই যখন পাঁচ-ছয়টি উইকেট পড়ে যায়, তখন ম্যাচে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। কারণ, অন্য দলগুলোর মতো আমাদের দলে অত বেশি অলরাউন্ডার নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়