ব্রিল এমবোলো। ছবি : সংগৃহীত
ভিসা জটিলতায় এবারের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হচ্ছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোর। তিনি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি, কারণ তার ভ্রমণ অনুমোদন নথি (ইএসটিএ) পর্যালোচনার অধীনে রাখা হয়েছে। ইএসটিএ (ইলেকট্রোনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন) হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতা নির্ধারণ করে।
মঙ্গলবার (০২ জুন) জুরিখ থেকে লস অ্যাঞ্জেলেসে উড়াল দেয়। পরে সান ডিয়েগোর একটি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল। গ্রুপ বি'তে থাকা সুইজারল্যান্ড ১৩ জুন সানফ্রান্সিসকোতে তাদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে।
সুইস ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ব্রিল এমবোলো বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারছেন না।
বিবৃতিতে আরও বলা হয়, তার ইএসটিএ অনুমোদন আগে সকালের দিক পর্যন্ত বৈধ ছিল, কিন্তু সকাল ১০:৩০ মিনিটে জানানো হয় যে তার আবেদনটি আরও পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন <<>> সান মারিনোতে দলে যোগ দিলেন হামজা চৌধুরী
ফেডারেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আশা করছে এমবোলো হয় আজই (গতকাল) বা আগামীকাল (বুধবার) দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
এমবোলোর এ সমস্যাটি এসেছে এমন এক সময়, যখন ২০১৮ সালে বাসেলে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সুইস আদালতের রায় সম্প্রতি চূড়ান্ত হয়েছে।
২০২৩ সালে তিনি হুমকি দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হন এবং স্থগিত জরিমানার শাস্তি পান, যা আপিলেও বহাল থাকে। সুইস গণমাধ্যম জানায়, তিনি ফেডারেল কোর্টে আপিল না করার সিদ্ধান্ত নেয়ায় রায়টি চূড়ান্ত হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































