Apan Desh | আপন দেশ

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৩১, ২৯ অক্টোবর ২০২৬

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শুরু

ছবি: আপন দেশ

সকালেই শুরু হবে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন। ইতোমধ্যে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে নির্বাচনি সরঞ্জাম। ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তায় রয়েছেন। ১৮৫টি কেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি কেন্দ্র রয়েছে। এছাড়া রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ আসনে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে লড়বেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুকও ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

এসআরবি-১৩, রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন <<>> ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন মুখোমুখি বিএনপি-জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি কেন্দ্র মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন ২৮ অক্টোবর থেকে ভোটের দিন এবং পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ লক্ষ্যে ছয়টি মোবাইল টহল দল এবং দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। এসব দল নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।

এ ছাড়া নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও নির্ধারিত এলাকায় সন্দেহজনক বস্তু শনাক্ত করতে এ স্কোয়াড কাজ করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়