ছবি: আপন দেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছে। মিরপুর টেস্টের প্রথম দিনে দারুন ব্যাটিং করছিলেন তাওহীদ হৃদয়। তবে ৪২ রানে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
যদিও বাংলাদেশের এ ব্যাটারের চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন না ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার আশা, বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে পুরোপুরি ব্যাটিং করতে পারবেন হৃদয়।
বুধবার (২৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন হৃদয়। মুশফিকুর রহিমের চোটে একাদশে সুযোগ পাওয়া এ ব্যাটার সাদমান ইসলামের সঙ্গে গড়েছিলেন ৬৭ রানের জুটি। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে পৌঁছানোর পরই পেশিতে টান অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন হৃদয়।
আরও পড়ুন <<>> ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাড়াল সাদমানের সেঞ্চুরি অপেক্ষা
হৃদয়ের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী সালাউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, হৃদয়ের ক্র্যাম্প করছিল। আমার মনে হয়, আধা ঘণ্টা বা এক ঘণ্টার মতো সময় পেলে ও সেরে উঠবে। আমার ধারণা, কালকে সে পুরোপুরি আবার ব্যাটিং করতে পারবে।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের অবস্থানও বেশ ভালো। সাদমান ইসলাম অপরাজিত ৯৯ রানে। তার ইনিংসে ভর করে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। হৃদয় মাঠ ছাড়ার পর লিটন দাস ব্যাটিংয়ে নেমে অপরাজিত আছেন ১০ রানে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































