ছবি: আপন দেশ
রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। থাকবে ৮৯টি স্টল থাকবে। রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ মেলা হবে। এতে বাংলা অ্যাকাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি, গণগ্রন্থাগার অধিদফতর, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
আরও পড়ুন<<>>গ্রাম আদালতে ৩২ মাসে প্রায় ৭০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়
আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ০৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
মেলা প্রতিদিন কর্মদিবসে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা এবং রাজশাহী বিভাগের আট জেলার শিল্পকলা অ্যাকাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বই পড়ার অভ্যাস বাড়বে, সৃজনশীল প্রকাশনার বিকাশ ঘটবে এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে যোগাযোগ জোরদার হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































