ছবি: আপন দেশ
মিরপুর টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে অনুমিতভাবেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। মুশফিকের বদলে খেলছেন তাওহিদ হৃদয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুশীলনে নেটে ব্যাট করার সময় আঙ্গুলে বলের আঘাত পান মুশফিক। চোটে অনুশীলন থামান তিনি। তবে তখন টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিলো মুশফিকের চোট গুরুতর নয়, তাকে নিয়ে চিন্তার কারণ নেই। তবে ম্যাচের দিন সকালে দেখে গেল ভিন্ন ছবি।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে রেখেছে তিন স্পিনার। জোমেল ওয়ারিকন, রোস্টন চেজের সঙ্গে আছেন অভিষিক্ত জোশুয়া বিশপ। দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের সঙ্গে পেস অলরাউন্ডার হিসেবে খেলছেন জাস্টিন গ্রেইভস। অভিজ্ঞ কেমার রোচকে এ টেস্টে একাদশে রাখেনি তারা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় প্রয়োজন টাইগারদের।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দীর্ঘমেয়াদী সমীকরণ বা ফাইনালে যাওয়ার চাপ না নিয়ে তাদের মূল মনোযোগ এখন শুধুই এ মিরপুর টেস্ট জয় করা।
অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিয়ে কোনও সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































