ছবি: আপন দেশ
মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অনিয়মের অভিযোগ তদন্তের সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট এবং সরবরাহ ব্যবস্থায় অভিযোগের ভিত্তিতেই এ সুপারিশ করা হয়।
এসব অভিযোগ যাচাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খায়রুল কবির খোকন। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মাছ আহরণ এবং আন্তর্জাতিক বাজারে রফতানি সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।
আরও পড়ুন<<>>গুম-বিচারবহির্ভূত হত্যা চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া জলাশয়ে অভয়াশ্রম প্রতিষ্ঠা, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা, বাজার তদারকি এবং মাছ ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করে মন্ত্রণালয়।
কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর ও সংস্থাগুলোর চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা উপস্থিত ছিলেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদও বৈঠকে অংশ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































