Apan Desh | আপন দেশ

যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলে বসছে মেটাল ডিটেক্টর-স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:২১, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২৬, ২৪ অক্টোবর ২০২৬

যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলে বসছে মেটাল ডিটেক্টর-স্ক্যানার

ফাইল ছবি

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসব সরঞ্জামের মাধ্যমে যাত্রীদের দেহ তল্লাশি এবং বহন করা লাগেজ পরীক্ষা করা হবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধেও এ ব্যবস্থা ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে গত ১৯ অক্টোবর আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহের জন্য অনলাইনে দরপত্র আহবান করেছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান দরপত্র আহবান করেন।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, যাত্রী ও তাদের বহন করা লাগেজ পরীক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে। এর মাধ্যমে মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে।

আরও পড়ুন<<>>ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দরপত্রে অংশগ্রহণের বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ই-জিপি পোর্টাল এবং ই-জিপি হেল্পডেস্কের ই-মেইল ঠিকানা helpdesk\@eprocure.gov.bd থেকে জানা যাবে।

এদিকে, বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে বৈদ্যুতিক বিভাগের অধীনে স্থাপিত বিভিন্ন ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং সাধারণ বৈদ্যুতিক কাজ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়