ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে একটি গাণিতিক মডেলের পূর্বাভাস। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টর তৈরি অ্যালগরিদম বলছে, এবারের বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ক্লেমেন্টের মডেলটি শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং বিভিন্ন আর্থ-সামাজিক ও ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, খেলোয়াড়দের বাজারমূল্য এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।
তার দাবি, এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের ফল অনুমান করা সম্ভব।
মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানর মুখোমুখি হবে ব্রাজিল। সেখানে নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রদের দলকে হারিয়ে বড় অঘটন ঘটাবে জাপান। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা।
ক্লেমেন্টের মতে, সাম্প্রতিক সময়ে জাপান দুর্দান্ত ফুটবল খেলছে। গত বছর তারা ব্রাজিলকে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে। পাশাপাশি ইংল্যান্ড ও স্কটল্যান্ডকেও পরাজিত করেছে।
জাপানের বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই এমন পূর্বাভাস দিয়েছে তার মডেল।
এ ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা বাড়ার বড় কারণ হলো ক্লেমেন্টের আগের সফলতা। তিনি ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিলেন।
আরও পড়ুন<<>> বিশ্বকাপে থাকছে যেসব প্রযুক্তি
টানা তিনটি বিশ্বকাপে তার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় এবারের পূর্বাভাস নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে।
ক্লেমেন্টের মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে নেদারল্যান্ডস।
এর আগে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ডাচরা। এবার সে আক্ষেপ ঘুচতে পারে বলেই মনে করছে ক্লেমেন্টের গাণিতিক মডেল।
নিজের মডেল সম্পর্কে ইওয়াখিম ক্লেমেন্ট বলেন, এটি কোনো জাদুর ভবিষ্যদ্বাণী নয়। মূলত অর্থনীতিবিদদের সবকিছু অনুমান করার প্রবণতাকে ব্যঙ্গ করতেই তিনি ১২ বছর আগে এটি তৈরি করেছিলেন।
তবে টানা তিনবার সঠিক পূর্বাভাস মিলে যাওয়ায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
তিনি সতর্ক করে বলেন, ফুটবল শেষ পর্যন্ত মাঠের খেলা। সেখানে ভাগ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন দেখার বিষয়, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হয় কি না এবং জাপানের কাছে হেরে সত্যিই বিশ্বকাপ থেকে বিদায় নেয় কি না ব্রাজিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































