স্বর্ণ ও রুপার অলঙ্কার
মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে কমে আসায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। কিন্তু স্থানীয় বাজারে তার প্রভাব পড়েনি এখনও। উল্টো দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। ফলে মঙ্গলবার (২৮ জুলাই) দেশে বর্ধিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।
সোমবার (২৭ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>কাঁচা মরিচের ঝাঁজে ক্রেতার চোখে পানি
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৮ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার অলংকারের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, অর্থাৎ প্রতি গ্রাম ৪০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা (প্রতি গ্রাম ৩৯০ টাকা)। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৯০৭ টাকায় (প্রতি গ্রাম ৩৩৫ টাকা)। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা, যা প্রতি গ্রাম ২৫৫ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































