ফাইল ছবি
বিশ্বের বিভিন্ন দেশ প্রবাসী খেলোয়াড়দের নিয়ে সুফল পাচ্ছে। এমনকি বড় বড় শিরোপাও জিতে নিচ্ছে। গেল কয়েক বছর ধরে বাংলাদেশও সে পথে হাঁটছে এবং কিছুটা হলেও সুফল পেতে শুরু করেছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে নব জাগরণ ঘটেছে। ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলা দর্শকও মাঠে আসতে শুরু করেছে।
বিষয়টি অনুধাবন করে আগে থেকেই প্রবাসী ফুটবলাদের সন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সফলও হয়েছে তারা। তাই
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও অন্তত পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে।
সম্ভাব্য প্রবাসী ফুটবলারদের তালিকায় রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ, ফরোয়ার্ড জায়ান হাকিমসহ আরও তিনজন।
দলের প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী, সাফ টুর্নামেন্টের আগে জাতীয় দলকে আরও শক্তিশালী করতে চায় বাফুফে। তবে চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতীয় দলের হেড কোচের ওপর।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, ফুলহামের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা ফারহান আলী ওয়াহিদকে সাফের আগেই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি বলেন, ফারহানের বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর পাসপোর্টের প্রক্রিয়া এগোবে। ইতোমধ্যে তার বাবা ও এজেন্টকে জানিয়ে দেয়া হয়েছে, সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প এবং সাফ চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে যেন তারা পরিকল্পনা করেন।
আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়ায় ভালো ফলের প্রত্যাশা নান্নুর
এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে ভেড়ানোর কাজও এগিয়ে চলছে। এন্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দুটি ম্যাচ খেললেও তাকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার অনুমতি নিয়ে কোনও শঙ্কা দেখছে না বাফুফে।
ফাহাদ করিম বলেন, ফিফা ও এএফসির কাছ থেকে এ বিষয়ে অনানুষ্ঠানিক ছাড়পত্র পাওয়া গেছে। এখন আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট ফেডারেশনের মতে, পুরো প্রক্রিয়ায় অন্তত দুই মাস লাগতে পারে। তবে বাফুফের আশা, ৪৫ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ দলে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ফেডারেশন। এ তালিকায় জায়ান হাকিমও রয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী খেলোয়াড়দের দলে ভেড়ানোর প্রক্রিয়া চললেও, চূড়ান্ত স্কোয়াড গঠনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে হেড কোচের সিদ্ধান্তের ওপর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































