Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:১৬, ২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আপন দেশ

রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না, এ বিষয়ে সরকারের কোনো কিছু বলার নেই। তবে তার স্বাস্থ্যগত বিষয়ে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। এ বিষযে সাংবিধানিক পদ্ধতি রয়েছে। এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে সচিবালয়ে কক্সবাজারের উন্নয়ন প্রকল্প ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে—এ সংক্রান্ত একটি বৈঠক অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আন্তমন্ত্রণালয় এ বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব। 

আরও পড়ুন<<>>বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ কর্মকর্তা

বিদেশে চিকিৎসা নেয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য এরই মধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়