ছবি: আপন দেশ
ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে (পিপি) আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদুর রহমান।
নিহত শফিকুল ইসলাম সপু ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ী কলোনি এলাকার সুরুজ মিয়ার ছেলে। আসামি আফরোজা শেখ ইতি নিহতের দ্বিতীয় স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ জুন প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে শফিকুল ইসলামের যোগাযোগ রাখা নিয়ে দ্বিতীয় স্ত্রী আফরোজার বাকবিতণ্ডা হয়। ওইদিন সন্ধ্যায় আকুয়া হাবুন বেপারী এলাকার বাসায় শফিকুলকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ বাড়ির সামনের পুকুরে লুকিয়ে রাখেন তিনি।
ঘটনার তিনদিন পর কচুরিপানার ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচার শেষে আদালত আফরোজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
আরও পড়ুন <<>> শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নুরুন্নাহার। ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, বিচারিক কার্যক্রমে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আলামত ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার আসামি একজন নারী। তার সন্তান রয়েছে। এসব বিবেচনা করে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































