Apan Desh | আপন দেশ

মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি

বিশেষ প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৭, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১৫:১৬, ২৬ জুলাই ২০২৬

মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি

গোলাম কিবরিয়া ও আপেল মাহমুদ। ফাইল ছবি

দেশের বিমা খাতে একের পর এক বড় ধরনের কেলেঙ্কারি সামনে আসছে। এবার রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার দুর্নীতি ধামাচাপা দেয়ার এক নজিরবিহীন অপচেষ্টা চলছে। এতে প্রতিষ্ঠানটির ১২ লাখের বেশি গ্রাহকের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

দুর্নীতি-জালিয়াতির নেপথ্যের তথ্য নিয়ে ‘আপন দেশ ডটকম’-এর তিন পর্বের বিশেষ অনুসন্ধানের আজ পড়ুন শেষ পর্ব।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে এ দুর্নীতির ফাইল চাপা দিয়ে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পুনরায় সিইও নিয়োগের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রাখা হয়েছে ফাইলটি।

অভিযোগ রয়েছে, খোদ নিয়ন্ত্রক সংস্থারই প্রভাবশালী সদস্য আপেল মাহমুদ তদন্ত প্রক্রিয়াকে আঁতুড়ঘরেই বিনষ্টের মূল কুশীলবের ভূমিকা পালন করছেন। তিনি কিবরিয়াকে সিইও হিসেবে পুনরায় অনুমোদনের ফাইলে সই করতেই মরিয়া।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশও উপেক্ষিত
গত বছরের ২২ জুলাই রূপালী লাইফের ডেপুটি ম্যানেজার (নিরীক্ষা বিভাগ) মো. জহিরুল ইসলাম বিতর্কিত সিইও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জাল-জালিয়াতি, ভুয়া ব্যবসা ও কোটি কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জমা দেন। তিনি অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জানান।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আইডিআরএ চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা মানা হয়নি। পরে পদত্যাগে বাধ্য হন আইডিআরএ-এর তৎকালীন চেয়ারম্যান সাবেক সচিব ড. আসলাম আলম চৌধুরী।

ভুয়া শিক্ষাগত সনদ
অনুসন্ধানে জানা গেছে, গোলাম কিবরিয়া ১৯৬৮ সালের ১৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার জন্ম জেলা চট্টগ্রাম, থানা-সন্দ্বীপ, ডাকঘর-ওসমানিয়া এবং গ্রাম মুছাপুর। তার বাবার নাম সেকান্দর বাদশা ও মায়ের নাম ফিরোজা বেগম।

১) কিবরিয়ার দেয়া সিভি ও  তথ্য, ২) দারুল ইসহানের সনদ ৩) বোর্ড কর্তৃক নোটিশ। ছবি সংগৃহীত

মো. গোলাম কিবরিয়ার শিক্ষাগত সনদ ভুয়া। তিনি বহুল আলোচিত ও বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এ জাল সনদ সংগ্রহ করেছেন। তিনি এমবিএ পাস দেখিয়েছেন ২০১০ সালের, কিন্তু তার সনদে উল্লেখ রয়েছে ২০১১ সাল। আবার সেই সময়ের সনদ বাতিল ঘোষণা করেছিল শিক্ষা বোর্ড।

পদত্যাগ ও রাজনৈতিক আশ্রয়
বিষয়টি নিয়ে গত বছরই অর্থ মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছিলেন তার সহকর্মীরা। বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে তার এমবিএ সনদ ভুয়া বলে প্রকাশিত হওয়ার পরদিন তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন (ফেব্রুয়ারি ২০২৫) থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

অকাট্য দলিল-দস্তাবেজ থাকার পরও চট্টগ্রাম-৩ আসনের (সন্দ্বীপ) সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মিতার নিয়ন্ত্রিত এ বিমা কোম্পানিতে ২৬ বছর ধরে বহাল রয়েছেন কিবরিয়া।

আরও পড়ুন<> রূপালী লাইফের দুর্নীতি: ২৮ কোটি ভুয়া আয়, ৩২ কোটি গোপন ব্যয়

ক্ষমতার পটপরিবর্তনের পর এমপি মিতা পলাতক হলেও গোলাম কিবরিয়াই এখন কোম্পানির সকল অনিয়ম ধামাচাপার সর্বেসর্বা। এমনকি গত ৮ জুলাই কথিত বিশেষ পর্ষদ সভা ডেকে ই জালিয়াত কিবরিয়াকেই পুনরায় সিইও পদে নিযুক্ত করা হয়েছে। তার বেতন নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। চূড়ান্ত অনুমোদনের জন্য গত ১১ জুলাই গোলাম কিবরিয়ার সেই ফাইল আইডিআরএ-তে জমা দেয়া হয়েছে।

তদন্তের তথ্য ফাঁস!
এসব অনিয়ম ও তদন্ত ফাইল আটকে রাখার বিষয়ে জানতে চাইলে আইডিআরএ সদস্য আপেল মাহমুদ ফোন নম্বরে ‘আপন দেশ’-এর কাছে নিজের ভূমিকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো অনিয়মের সঙ্গে নেই। সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই আমাদের ফলো করে, আমাদের নিয়ে রিপোর্ট দেয়। সুতরাং অনিয়মের কোনো সুযোগ নেই।’ এ সময় রূপালী লাইফের এমডির কোনো অনিয়ম পাওয়া গেলে তা খতিয়ে দেখার কথাও জানান তিনি।

তবে ভীতিপ্রদ বিষয় হলো, প্রতিবেদকের ফোন পাওয়ার পরপরই রূপালী লাইফের এমডি গোলাম কিবরিয়াকে ফোন করে সামগ্রিক বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন খোদ আপেল মাহমুদ।

কে এই আপেল মাহমুদ?
পৃথক অনুসন্ধানে আরও জানা যায়, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের অত্যন্ত স্নেহধন্য ছিলেন আপেল মাহমুদ। তিনি দফায় দফায় ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং সর্বশেষ এমডি পদেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কোম্পানিটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে জড়িয়ে পড়ে এবং এর শীর্ষ কর্তারা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানেও কারান্তরীণ আছেন।

তবে সে সময় শেখ কবিরের জোর তদ্বিরে দুদকের তদন্ত কর্মকর্তার খাতা থেকে নিজের নাম কাটান আপেল মাহমুদ। ক্ষমতার পটপরিবর্তনের পর আপেল মাহমুদ এখন নিজেকে পুরোদস্তুর আওয়ামী বিরোধী হিসেবে জাহির করছেন। যার কারণে আর্থিক সেক্টরে তাকে 'গুপ্ত' বা ভোল্ট পাল্টানো কর্মকর্তা হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে।

যেভাবে কোটি কোটি টাকা লোপাট

বহুল আলোচিত গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়ের করা মূল অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, তিনি প্রায় একযুগ ধরে এমডি/সিইও পদে বহাল থেকে অনুগত কর্মকর্তাদের নিয়ে অপ্রতিরোধ্য সিন্ডিকেট গড়ে তোলেন। তাতে সহায়ক ভূমিকা পালন করেন আওয়ামী লীগের সাবেক এমপি ও রূপালী লঅইফের চেয়ারম্যান মিতার খালাতো, চাচাতো ভাইসহ ততোধিক স্বজন। তাদের সিদ্ধান্তকেই কবুল বলতে হয় অন্যদের। 

এ সিন্ডিকেটের মাধ্যমে বণ্টন না করা কমিশন বিল লোপাট, সপরিবারে ভ্রমণের ভুয়া খরচ, ব্যক্তিগত গাড়ির পেছনে ১৫ লাখ ৫২ হাজার টাকার কাল্পনিক জ্বালানি ও গ্যারেজ বিল এবং প্রতি সপ্তাহে গড়ে ২০-২২ হাজার টাকার ভুয়া মেডিকেল বিল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন<> রূপালী লাইফের দুর্নীতি: ১২০ কোটির ভুয়া সম্পদ, ৪৪ কোটির ফান্ড উধাও

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে কোম্পানির লাইফ ফান্ড থেকে বেআইনিভাবে প্রায় ৬০ লাখ টাকা উত্তোলন করেছেন। আইটি বিভাগের সহায়তায় 'ডামি কোড' তৈরি করে ভুয়া ব্যবসার বিপরীতে প্রিমিয়ামের টাকা লোপাটের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রাহকদের ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

শীর্ষ পদে এমন চরম জাল-জালিয়াতির কারণে বিমা খাতের ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে। রূপালী লাইফের গ্রাহক রবিউল ইসলাম ‘আপন দেশ’কে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বিমার বিষয়ে আশ্বাস দিয়েছেন, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। আমরা সাধারণ গ্রাহকরা বুকভরা আশা নিয়ে তাকিয়ে আছি। আমাদের প্রত্যাশা, দুর্নীতিবাজ ও জালিয়াত গোলাম কিবরিয়াদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তাদের সহযোগী এবং সরকারের আইডিআরএ-তে বসে যারা দুর্নীতির বাটোয়ারা খাচ্ছেন, সে কর্মকর্তাদেরও বিচার হতে হবে।’ দ্রুত ব্যবস্থা নেয়া না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন।

অভিযোগের বিষয়ে জানতে রাজধানীর ৫০ কাকরাইলে প্রধান কার্যালয় রূপালী লাইফ টাওয়ারে প্রতিবেদক টানা পাঁচকর্মদিবস মো. গোলাম কিবরিয়ার সাক্ষাৎ চাইলে দায়িত্বরত কর্মকর্তা জানান এমডি সোহেব অফিসে আনেননি; ফোনে যোগাযোগ করতে পারেন।  মো. গোলাম কিবরিয়ার ফোন নম্বরে দফায় দফায় কল করা হলেও তিনি সাড়া দেননি। প্রতিবারের মতো এবারও তিনি ক্ষুদে বার্তার কোনো জবাব দেননি। ফলে তার মতামত দেয়া সম্ভব হয়নি। 

আইডিআরএ-এর নীরবতা ও জবাবদিহিতার অভাব

অর্থ মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের উচ্চপর্যায়ের নির্দেশনা থাকার পরও দীর্ঘদিন ধরে আইডিআরএ-এর সদস্য আপেল মাহমুদসহ দায়িত্বরতদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এ তদন্ত ফাইলটি আটকে থাকায় বিমা খাতে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিইও গোলাম কিবরিয়ার দুর্নীতির সিন্ডিকেটকে সুরক্ষা দিতে এবং তদন্ত থেকে তাকে বাঁচাতে আপেল মাহমুদ নিজেই রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিনিময়ে পর্দার আড়ালে বড় ধরনের সুবিধা লেনদেনের গুঞ্জন রয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন আপেল মাহমুদ।

আরও পড়ুন<> মোরশেদ আলমের ‘শরীয়াহ ভিত্তিক’ দুর্নীতি! ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শতকোটি টাকা লুট

অর্থমন্ত্রণালয়ের নির্দেশনার বাস্তবায়ন না হওয়া এবং সংস্থার বিরোধীকাজে লিপ্ত থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে সাত কর্মদিবস আগে চিঠি দেয়া হয় আইডিআরএ-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন ও তার প্রশাসনকে। কিন্তু রোববার (২৬ জুলাই) বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো জবাব দেয়নি আইডিআরএ।

১২ লাখ গ্রাহকের আমানত রক্ষায় সরকারের হস্তক্ষেপের আকুতি

গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং বিমা খাতের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যেখানে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া জরুরি ছিল, সেখানে নিয়ন্ত্রক সংস্থার খোদ গুরুদায়িত্বে থাকা কর্মকর্তাদের এমন সন্দেহজনক আচরণ সংস্থাটিকে চরম বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ সাধারণ গ্রাহকের রক্তঘামে উপার্জিত আমানত রক্ষাসহ পুরো বিমা খাতের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে এখন সরকারের সরাসরি জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ খাতে শৃঙ্খলা ফেরাতে অবিলম্বে জালিয়াত কিবরিয়া সিন্ডিকেট ভেঙে দিয়ে আইডিআরএ-এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়