ফাইল ছবি, আপন দেশ
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পূর্বনির্ধারিত অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হবে।
নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন পরীক্ষার্থীরা। আর আগে যেসব পরীক্ষা অন্যত্র অনুষ্ঠিত হয়েছে কিন্তু চট্টগ্রামে স্থগিত হয়েছে, সেগুলো পরে নতুন রুটিন প্রকাশ করে আবার নেয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়,স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেয়া হবে। নতুন সময়সূচি তৈরি করা হয়েছে। সেটি শিগগির প্রকাশ করা হবে।
আরও পড়ুন<<>>বিকেলে বাবার দাফন, রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ছিল তার
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা নেয়া হয়।
অনেকেই এ পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের পুনরায় পরীক্ষা নেয়া হবে। তবে যারা পরীক্ষা দিতে চান, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরে জানানো হবে। এ তিনটি বিষয়ের পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের জন্য তৈরি করা সূচি অনুযায়ী নেয়া হবে।
এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগব্যবস্থার বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়।
একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
উল্লেখ্য, বুধবার (০৮ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































